প্রেস বিজ্ঞপ্তি - ১৩ মার্চ ২০২৬
প্রেস ক্লাব চত্বরে সংখ্যালঘু ঐক্যমোর্চার সমাবেশঃ সরকারের অসাম্প্রদায়িক মানবিক সমাজ ও রাষ্ট্র গঠনের অঙ্গীকার নস্যাতে মহলবিশেষ তৎপর
জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী এক মাসে দেশব্যাপী সংঘটিত প্রায় অর্ধশতাধিক সাম্প্রদায়িক সহিংস ঘটনার প্রতিবাদে আজ সকালে ঢাকার জাতীয় প্রেস ক্লাব চত্বরে আয়োজিত এক মানববন্ধনে সংখ্যালঘু নেতৃবৃন্দ বলেছেন, এদেশের আপামর ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু সম্প্রদায় আশা করেছিলেন যে অসাম্প্রদায়িক মানবিক সমাজ ও রাষ্ট্র গঠনের অঙ্গীকার সরকারি দল করেছিল তা নস্যাতে মহলবিশেষ তৎপর। এহেন অশুভ তৎপরতা রোধে কার্যকর ভূমিকা পালনে অনতিবিলম্বে এগিয়ে আসার জন্যে সরকার ও রাষ্ট্র প্রধানের প্রতি তারা আহ্বান জানিয়েছেন। নেতৃবৃন্দ এ মর্মে আশা প্রকাশ করেন যে, নির্বাচনের দুয়েক দিন আগে থেকে নির্ভয়ে, নির্বিঘ্নে ভোটদানের নিমিত্তে যে ধরণের শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা হয়েছিল সে একই ধারা গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে অব্যাহত রাখা হবে।

