2/10/2026
প্রেস বিজ্ঞপ্তি - ১০ ফেব্রুয়ারি ২০২৬
ত্রিশালে ব্যবসায়ী সুসেন সরকারকে হত্যা নির্বাচনের পূর্বে নিরাপত্তাহীনতার শঙ্কা সংখ্যালঘুদের আরো বহুগুণ বাড়িয়ে দিয়েছে: ঐক্য পরিষদ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র দুদিন আগে গত ৯ ফেব্রুয়ারী রাতে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বগার বাজার এলাকার স্বনামধন্য চাল ব্যবসায়ী সুসেন চন্দ্র সরকারকে দুর্বৃত্তের দল কুপিয়ে হত্যা করেছে। এর পাশাপাশি তাঁর গুদামে থাকা ব্যবসার ১৫ লক্ষ টাকাও লুট করে নিয়ে গেছে তারা। নির্বাচনের পূর্বে চলমান সাম্প্রদায়িক সহিংসতা অব্যাহত থাকার এক পর্যায়ে এহেন লোমহর্ষক ঘটনা সংখ্যালঘু জনমনে নিরাপত্তাহীনতার শঙ্কা আরো বহুগুণে বাড়িয়ে দিয়েছে বলে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের এক বিবৃতিতে জানানো হয়েছে।

